মিঠাপুকুরে শঠিবাড়ী হাটের কোটি টাকা মূল্যের চালহাটি বে-দখল

স্টাফ রিপোর্টার:

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটের কোটি টাকা মূল্যের সম্পত্তি বে-দখলের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট হাট ইজারাদার অবৈধভাবে দখলে থাকা সম্পত্তি উদ্ধারের জন্য ইউএনও বরাবরে আবেদন করেও কোন সুরাহা পাননি। উল্টো একটি প্রভাবশালী মহল হাটের জায়গা স্থানীয় ব্যবসায়িদের কাছে লিজ প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এতো কিছুর পরেও টনক নড়ছেনা উপজেলা প্রশাসনের।

মিঠাপুকুরে শঠিবাড়ী হাটের কোটি টাকা মূল্যের চালহাটি বে-দখল। -M24News

সরেজমিনে শঠিবাড়ী হাটে গিয়ে দেখা গেছে, পুরোনো কল্পনা মোড় হয়ে কয়েক মিটার পশ্চিমে এগোলেই শঠিবাড়ী পাইকারী ধান-চাল ক্রয়-বিক্রয় সেড। বছর তিনেক আগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সেডটি। স্থানীয় ব্যবসায়ীদের দাবির মুখে ইট বিছিয়ে পাকাকরণ হয়েছে। কিন্তু, একদিনের জন্যও ধান-চাল ব্যবসায়ীরা সেখানে বসতে পারেননি। এরফলে, সরকার হারাচ্ছে কোটি টাকা মূল্যের রাজস্ব। ঝিমিয়ে পড়েছে ধান-চাল ব্যবসার কারবার। বাধ্য হয়ে ব্যবসায়িরা পুরাতন গরুহাটিতে পাইকারী হাট বসাচ্ছেন।

ধান-চাল হাটের নির্ধারিত জায়গায় বে-দখল করে বসেছে কাঁচা বাজার, চা’পানের দোকান। স্থানীয় একটি প্রভাবশালী মহল জায়গাগুলো দখল করে ওই ব্যবসায়িদের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে হস্তান্তর করেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় আজমল হোসেন বলেন, ‘এই জায়গাটি ধান-চালের পাইকারী বাজার। কিন্তু, কয়েকজন প্রভাবশালী বে-দখল করে সেখানে কাঁচামাল, গালামাল ও চায়ের দোকান বসিয়ে দিয়েছেন। এতে, ধান-চাল ব্যবসায়িরা চরম বিপাকে পড়েছে।’ একই কথা বলেন আরেক স্থানীয় মজিবর রহমান।

তিনি বলেন, ‘ধান-চালের ব্যবসা সম্প্রসারণ করার জন্য জায়গাটি পাকা করেন সরকার। সেখানে ধান-চালের ক্রেতা-বিক্রেতারা বসতে পারছেন না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা জরুরি।’ কয়েকজন ধান-চালের আড়ৎদার বলেন, ‘হাটের শুরু হতে এখানে ধান-চালের বাজার বসছিল। কয়েক বছর আগে এটি বে-দখল হয়ে যায়। এতে আমরা চরম বিপাকে পড়েছি। ব্যবসায় মন্দা ভাব দেখা দিয়েছে। বাধ্য হয়ে রাস্তায় ক্রয়-বিক্রয় করতে হচ্ছে।’

রাস্তায় ধান-চালের হাট বসার কারণে সেখানে লেগে থাকে যানজট। ওই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার লোকের চলাচল। হাটের দিন করে ওই রাস্তায় চলাচল করা দুরুহ হয়ে পড়ে। পথচারী মোফাজ্জল হোসেন বলেন, ‘ধান-চালের হাট বে-দখল হয়েছে। বাধ্য হয়ে পাইকাররা রাস্তায় ক্রয়-বিক্রয় করছেন। আমরা পথচারীরা কোথায় যাব?’

শঠিবাড়ী হাটের কোটি টাকা মূল্যের চালহাটি বে-দখল। -M24News

দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, ‘ আমিও চাই শঠিবাড়ী হাটের ধান-চালের ক্রয়-বিক্রয়ের জায়গাটি উদ্ধার করা হোক।’ শঠিবাড়ী হাট ইজারাদার নুরুল ইসলাম প্রামাণিক লালন বলেন, ‘ ধান-চাল হাটের জায়গা বে-দখল হয়ে গেছে। উচ্ছেদের জন্য ইউএনও কাছে আবেদন করেছি। কিন্তু, এখনও কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বে-দখল হওয়ার ফলে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অতি শিঘ্রই অবৈধ ভাবে দখলে থাকা সম্পত্তি উদ্ধারের জন্য জোর দাবি জানাচ্ছি।’

উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, ‘বে-দখলে থাকা শঠিবাড়ী হাটের জায়গা উদ্ধারের পদক্ষেপ গ্রহন করা হবে। যতবড় প্রভাবশালী হোকনা কেন, কেউ আইনের উর্ধ্বে নয়।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply