মিঠাপুকুরে শিক্ষার্থীকে বেধড়ক মারপিট, প্রতিবাদ করায় ছাড়পত্র, থানায় জিডি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে শিক্ষকের হাতে বেড়ধক মার খেয়েছে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী রামিম খান। এ ঘটনায় তার বাব-মা প্রতিবাদ করায় ওই শিক্ষার্থী ও তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া বোনকে ছাড়পত্র (টিসি) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়েছেন অধ্যক্ষ।

ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের অদূরে গড়েরমাথা এলাকায় অবস্থিত নলেজ পাওয়ার স্কুল এন্ড কলেজে। এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন শিক্ষার্থীর মা।

নির্যাতিত ওই শিক্ষার্থী রামিম খান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী উত্তরপাড়া গ্রামের রুমন খানের ছোট ছেলে।

ঢাকা-রংপুর মহাসড়কের গড়েরমাথা এলাকায় অবস্থিত নলেজ পাওয়ার স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের স্কুল শাখায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে রামিম খান। তার বড় বোন তাসফিয়া রিমিও একই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, সহপাঠিদের সাথে বিবাদ নিয়ে শ্রেণি শিক্ষক সোনালী রানী ৯ এপ্রিল রামিমকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরদিন তার বাবা রুমেন খান ও মা রোকেয়া খাতুন স্বপ্না প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ করেন। এসময় শিক্ষক ও অভিভাবকের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অধ্যক্ষ কামরুজ্জান লিমন তার প্রতিষ্ঠানে পড়া ওই স্বপ্না দম্পতির দুই ছেলে মেয়েকে ছাড়পত্র দিয়ে বের করে দেন।

রোকেয়া বেগম স্বপ্না জানান, প্রায় সময় শ্রেণি শিক্ষিকা সোনালী রানী আমার ছেলেকে পাঠদানকালে মোট, পাগল, হাবাগোবা বলে উত্যক্ত করতেন। আমার ছেলেকে বেধড়ক মারপিট করেছেন। আমি বিচার চাওয়ায় শিক্ষকেরা আমার সাথে খারাপ আচরণ করেছে। আমি এর বিচার চাই। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

নলেজ পাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান লিমন বলেন, ‘অভিযোগ সঠিক নয়। ভুল বোঝাবুঝি হয়েছিল।’

মিঠাপুকুর শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনা ঘটে থাকলে খুবই দুঃখজন। অভিযোগ পেলে এর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।‘

এম২৪নিউজ/আখতার

Leave a Reply