
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সিজার অপারেশন করার সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনেরা ক্লিনিক ঘেরাও করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার মধ্যরাতে উপজেলার গড়েরমাথায় রয়েল হেলথ্ সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে লাখ টাকায় ঘটনাটি রফাদফা করা হয়েছে।
উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামানের পুত্র রাশেদ মন্ডলের স্ত্রী আকলিমা বেগম সাথিকে (৩০) ডেলিভেরি করার জন্য সোমবার দুপুরে রয়েল হেল্থ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় তার সিজার শুরু হয়। সিজার করে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসূতি। এরপর কাউকে কিছু বুঝতে না দিয়ে রুম থেকে লাশ বের করে তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্সে করে রংপুর শহরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে, বাড়ির লোকজন এ্যাম্বুলেন্সটি আটক করে বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লিনিকের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ক্লিনিক ঘেরাও করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত. আকমল হোসেনের মেয়ে আকলিমা বেগম সাথিকে ৭ বছর আগে বিয়ে করেন রাশেদ মন্ডল। বিয়ের পর শশুড়বাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করেন তিনি।
রয়েল হেলথ্ সিটি হাসপাতালের ব্যবস্থাপক ইবনে সবুজ বলেন, সিজার অপারেশন করার ৪০ মিনিট পরে প্রসুতির মৃত্যু ঘটে। পরে স্বজনরা ক্লিনিক ঘেরাও করলে রফাদফা করে বিষয়টি মিমাংসা করা হয়েছে।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে সেখানে পুুলিশ পাঠানো হয়। নিহতের পরিবার কোন অভিযোগ না দেয়ায় মামলা হয়নি। এ কারণে আইনগত কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছেনা।
এম২৪নিউজ/আখতার।