
নিউজ ফলোআপ ।।
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংএর সাথে ধাক্কা লেগে আহমেদ সেজান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ সেজান মারা যায়।
মঙ্গলবার ভোররাতে উপজেলার মোসলেম বাজার তিলকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় একই পরিবারের আরো সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রমেক ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
আহতরা হলেন, রেশমা বেগম (৩৭), আব্দুল মজিদ (৫৫), খবিরুল ইসলাম (৩৫) মাহাবুব (৩৫) জাকিয়া বেগম (২৫) শিবলি আক্তার (৩৮) নিলুফার ইয়াছমিন (৪৭)। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শাল গ্রামে। তারা সবাই একই পরিবারের সদস্য। এদেরমধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সর্ভিসের অধিনায়ক কাজল মিয়া বলেন, সোমবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে এক রোগীসহ আটজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি দিনাজপুর জেলার ফুলবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মঙ্গলবার ভোররাতে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক সড়কের মোসলেম বাজার তিলকপাড়া নামক স্থানে মাইক্রোবাসটি পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্রিজের রেলিংএর সাথে ধাক্কা খায়।
খবরপেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৮জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আহমেদ সেজান মারা যায়। এছাড়াও তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার