মিঠাপুকুরে হাসপাতালে ভর্তি রোগীকে মারধর, আটক ২

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক নারী রোগীকে মারধর করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ভর্তি ওই রোগীর নাম আরজিনা বেগম (৩৫)। তিনি উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিম পাড়া গ্রামের কৃষক দুলাল প্রামাণিকের স্ত্রী। জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আটক দুইজন হলেন- উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামের সাজ্জাদ প্রামাণিক ও রিয়াদ মন্ডল। পরে তাদের কাছে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত.বিভাগের মহিলা ওয়ার্ডের বিছানায় শুয়ে ছিলেন আরজিনা বেগম। ১০ টার দিকে প্রতিপক্ষের লোকজন হঠাৎ সেখানে ঢুকে পড়ে। ওই নারীকে কিল ঘুষি মারতে থাকে, গলা টিপে ধরে। এসময় অন্য রোগীর স্বজনেরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর শুরু করে হামলাকারীরা।

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটকে রাখে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা থানায় খবর দেন। পুলিশ ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রাব্বানী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে রোগীকে মারধর করা চরম অন্যায়। এতে রোগীরা ভয় পান। চিকিৎসা দিতেও মারাত্মক অসুবিধা হয়। এ  ঘটনায় ২ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।’

জানা গেছে, চিথলী পশ্চিমপাড়ার দুলাল প্রামাণিকের সাথে তার ভাই দুলু প্রামাণিকের ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। দুলাল থানায় অভিযোগ দিয়েছেন।

শনিবার (৫ মার্চ) পুলিশ তদন্ত করতে যায়। দুই পক্ষের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পুলিশের সামনেই দুলু ও তার লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে দুলাল ও স্ত্রীর ওপর হামলা করেন। এতে দুলালের স্ত্রী আরজিনা বেগম আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে গন্ডগোল। বিষয়টি থানা পুলিশ অবগত। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীকে মারধরের ঘটনায় যাদেরকে আটক করা হয়েছিল, তারা কম বয়সী। দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে তাদেরকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, মারপিটের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply