মিঠাপুকুরে ৬টি অবৈধ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

মো: শামীম আখতার ।।

পরিবেশের জন্য ক্ষতিকর ও বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম থাকার দায়ে মিঠাপুকুর উপজেলার ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১০লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২৯ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‌্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

অভিযানে এমএইচবি’র সত্ত্বাধিকারী সৈয়দ আলী মন্ডল, এএফটি’র এনামুল হক/তহিদুল ইসলাম, আরডিএস’র মোস্তাফিজার রহমান, এমটিএস’র নুরুজ্জামান মন্ডল, এএসবি’র সালেহা খাতুন ও বিবিএ ব্রিক্সে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ৩৪টি। অধিকাংশ ইটভাটার নিবন্ধন নেই। কোন কোন ইটভাটায় নিবন্ধন থাকলেও নাবায়ন নেই। এছাড়াও জ্বালানী কাঠ পোড়ানো, জমির টপসয়েল ব্যবহারসহ পরিবেশের জন্য ক্ষতিকার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এম২৪নিউজ/আখতার