
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম মো: আখেরুজ্জামান আজাদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাৎের অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুলতাসিম বিল্লাহ এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মিঠাপুকুর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর-২০২৪) পেশ ইমাম মোঃ আখিরুজ্জামান আজাদী কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেইসাথে আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে এ মর্মে কারন দর্শানোর জন্য বলা হয়েছে। তার অনুপস্থিতিতে মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন পেশ ইমামের রুটিন দায়িত্ব পালন করবেন।
এদিকে, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) মিঠাপুকুর মডেল মসজিদে খুতবা পেশ করেন মওলানা মো: বেলাল হোসেন।
উল্লেখ্য, এর আগে মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের এই ইমামের নামে ভূয়া এতিমখানা ও মাদ্রাসা দেখিয়ে (ছয়-টন) এতিমদের জন্য বরাদ্দ দেয়া চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে। তবে, ইমাম আখিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি পরিস্থিতির স্বীকার। আমাকে ব্যবহার করা হয়েছে। কে ব্যবহার করেছে জানতে চাইলে তিনি জানান, মানুষ ভুলের উর্ধ্বে নয়, সময় হলে সব জানতে পারবেন।
এম২৪নিউজ/আখতার