মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরো একজন করোনায় আক্রান্ত

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি হলেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুষ্ঠ ও যক্ষা রোগীদের সেবায় কর্মরত টিবি ল্যাপ্রোসি কন্ট্রোল এসিসটেন্ট (টিএলসিএ)। তার বাড়ি দিনাজপুর জেলায়।

তিনি রংপুর কটকিপাড়া আইডিয়ালমোড়ে ভাড়া বাসায় থাকেন। এ নিয়ে মিঠাপুকুর উপজেলায় মোট ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলো।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই এসিসটেন্ট রয়েছেন। অপর আক্রান্তদের মধ্যে রংপুর (সদর) গনেশপুরের একজন, ঠাকুরগাঁও জেলার সদর ও হরিপুর উপজেলায় একজন করে, দিনাজপুর জেলার সদর ও কাহারোল উপজেলায় একজন করে, নীলফামারীর সদরে একজন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় রবিবার (১৯ এপ্রিল) সন্ধায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলায় মোট চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। তারা হলেন, উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের এক শিক্ষার্থী এবং মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ও একজন এসিসটেন্ট। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

এম২৪নিউজ/আখতার।