
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ভেলা উল্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম রেজোয়ান ওরফে বাবু (১০)। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের ধান ব্যবসায়ী ছাইফুল ইসলামের একমাত্র সন্তান ও স্থানীয় স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) দুপুর ৩টার দিকে রেজোয়ান ওরফে বাবু তার কয়েক বন্ধুসহ বাড়ির সামনের পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করতে থাকে। এ সময় ভেলা উল্টে গিয়ে ভেলার নীচে পড়ে গেলে সে দম বন্ধ হয়ে মারা যায়।
বন্ধুরা ভেলা সরিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্বজনরা রেজোয়ান ওরফে বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এম২৪নিউজ/আখতার।