মিঠাপুকুরে সড়কের গাছ কেটে বিক্রি করলেন দুই ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মার্কেট নির্মাণ করতে সড়কের গাছ কেটেছে একটি প্রভাবশালী চক্র। রাতের আঁধারে গ্রাম পুলিশের মাধ্যমে ছ’মিলে নিয়ে ওই গাছ বিক্রি করেন দুই ইউপি সদস্য। পরে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর বিষয়টি অস্বীকার করেনন তারা। উপজেলার শঠিবাড়ী হাটে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার শঠিবাড়ী বন্দরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সড়ক সংলগ্ন স্থানে মার্কেট নির্মাণ করতে বাধা হয়ে দাঁড়ায় বিশাল আকারের একটি রেইনট্রি গাছ। প্রথমে শ্রমিক দিয়ে কৌশলে ওই গাছটির ডালপালা কেটে ফেলেন স্থানীয় এরশাদ ফরহাদ হোসাইন প্রধান, এজাজ হোসাইন প্রধান ও তারেক হোসাইন প্রধান। কিছুদিন পর পুরো গাছটি কেটে ফেলেন তারা। গাছের চিহ্নটুকুও মাটি দিয়ে ঢেকে ফেলা হয়। পরে রাতের আঁধারে শঠিবাড়ী-বালুয়া রোডে মেসবাহুল ইসলামের ছ’মিলে গ্রামপুলিশ জগেন চন্দ্রকে দিয়ে গাছটি বিক্রি করতে পাঠান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য শাহ্‌ আলম মিয়া ও মিজানুর রহমান।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জগেন চন্দ্র বলেন, ‘শাহ্‌ আলম মেম্বার ও মিজান মেম্বার আমাকে গাছটি ছ’মিলে দিতে বলেছেন, তাই গাছ নিয়ে এসেছি। এর বেশি কিছু বলতে পারব না।’

এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম ও দুর্নীতি করলেও পার পেয়ে যাচ্ছেন অভিযুক্ত দুই ইউপি সদস্য। প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ‘দিনদুপুরে সরকারি গাছ কেটে নিলেও কেউ প্রতিবাদ করার সাহস পান না।’

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘মার্কেট নির্মাণ করতে গাছটি কেটে ফেলা হয়েছে বলে শুনেছি। তবে আমি এর সঙ্গে জড়িত নই। গাছ কে বিক্রি করেছে তা আমার জানা নেই।’ একইভাবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শাহ্‌ আলম জানান, গাছ কে কেটেছে আমি জানি না। কয়েকদিন ধরে গাছগুলো রাস্তায় পড়ে ছিল। তাই চৌকিদারকে সেগুলো নিয়ে যেতে বলেছি।

গাছ কাটার অভিযোগ অস্বীকার করে এরশাদ ফরহাদ হোসাইন প্রধান, এজাজ হোসাইন প্রধান ও তারেক হোসাইন প্রধান বলেন, পৈত্রিক জায়গায় আমরা মার্কেট নির্মাণ করছি। সেখানে গাছটি বাধার সৃষ্টি হয়েছিল। তাই ডালপালা ছাটা হয়েছে। তবে গাছ কে কেটেছে তা আমরা জানি না।

দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, ‘মার্কেট নির্মাণের জন্য গাছের কয়েকটি ডালপালা কেটে ফেলা হয়েছে শুনেছি। সেগুলো ইউনিয়ন পরিষদে রাখার কথা। পুরো গাছটি কেটে ফেলা এবং সেটি ছ’মিলে বিক্রি করার বিষয়টি জানা নেই।’

এম২৪নিউজ/আখতার

One thought on “মিঠাপুকুরে সড়কের গাছ কেটে বিক্রি করলেন দুই ইউপি সদস্য

Leave a Reply