সন্ত্রাসীদের ভয়ে বসতবাড়ীতে যেতে পারছে না একটি পরিবার

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মদ্যপ ও সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বসতবাড়িতে যেতে পারছেনা একটি পরিবার। ওই বাহিনীর অত্যাচারে পৈত্রিক সূত্রে পাওয়া বসতবাড়ি হারাতে বসেছে পরিবারটি। মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এবং ঢাকায় বসবাসকারী দুই সহোদরের অনুপস্থিতির সুবাদে তাদের পৈত্রিক বাড়ী দখলের পায়তার করছে ওই মদ্যপ বাহিনী।

এ ঘটনায় রংপুরের পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দিয়েছেন সহোদরের পরিবার।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের সাদেক আলীর ছেলে মেহেরাজুল ইসলাম সাগর একজন মাদক ব্যবসায়ী। পাশাপাশি মাদক সেবন, অপহরন ও চাঁদাবাজির সাথেও জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তার নামে বিভিন্ন সময়ে ৬টি মামলা হয়েছে।

কয়েক বছর আগে তার চাচাতো ভাই ডা. সাহানুর ও মাঝহারুল ইসলামের অনুপস্থিতির সুবাদে তাদের বাড়ীর গাছ-পালা, পুকুরের মাছ একের পর এক বিক্রি করতে থাকেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় কয়েকটি অভিযোগও দায়ের করা হয়। তাদের কাজের লোককে বাড়ী থেকে বের করে দিয়ে বাড়ীটিও অবৈধভাবে দখল করার পাঁয়তার করছেন সাগর। এছাড়াও স্থায়ীভাবে দখল করার উদ্দেশ্যে তাদের প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে থানায় এবং পুলিশ সুপার বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ডা. শাহানুর ইসলাম বলেন, সাগর একজন সন্ত্রাসী ও মাদকাসক্ত হওয়ায় সে আমাদের বাড়ীঘর ও সহায় সম্পদ লুট করছে এবং বাড়ীঘর দখলের চেষ্টায় প্রাননাশের হুমকি দিয়ে আসছে। আমরা পৈত্রিক বাড়ীতে প্রবেশ করতে পারছি না। এ ব্যাপারে আমরা উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।