
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পৃথক কর্মসূচী চলাকালে দু-গ্রুপের বাকবিতন্ডা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের পক্ষের পৃথক দুটি সভার আয়োজন করা হয়।
ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডে ওভারপাসের নিচে এমপি পক্ষের এবং উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার পক্ষ পৃথকভাবে এসব কর্মসূচী পালন করছিল। এসময় এমপি পক্ষের নেতাকর্মীরা বেগম রোকেয়া অডিটরিয়ামে এসে উপজেলা চেয়ারম্যান পক্ষের নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং চেয়ার ছোড়াছুড়ি করে। এ সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে, কেউ আহত হয়নি। এ ঘটনায় মিঠাপুকুরে রাজনৈতিক অঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পক্ষের উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীরা বেগম রোকেয়া অডিটরিয়ামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করছিলাম। হঠাৎ প্রতিপক্ষের কিছু নেতাকর্মী এসে অনুষ্ঠান করতে বাধা দিচ্ছিলেন। তারা গালিগালাজ, হাতাহাতি করছিলো। এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত করতে তারা চেয়ার ভাংচুর করে।’
এমপি পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত তাঁর বক্তব্যে আশিকুর রহমান এমপি ও তাঁর ছেলে রাশেক রহমানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করেছে। এছাড়াও, এমপির মিঠাপুকুর ভবনকে নিয়ে হাওয়া ভবনের সাথে তুলনা করেছে। একারণে কিছু নেতাকর্মী এর প্রতিবাদ করতে অডিটরিয়ামে গিয়েছিল।’
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষই নিজ নিজ স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচী পালন করে। বাসস্ট্যান্ড আন্ডারপাসে কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য রাশেক রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মেসবাহুর রহমান, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, যুবলীগ নেতা মোন্নাফ হোসেন প্রমুখ।
বেগম বোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন। এর আগে উভয় পক্ষ ঢাকা-রংপুর মহাসড়কে র্যালী করেছে।
এম২৪নিউজ/আখতার