মিঠাপুকুরে গৃহবধূ ধর্ষিত, মামলা করায় হুমকী

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূ ধর্ষিত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। এদিকে, মামলা করায় ধর্ষক পক্ষ ওই গৃহবধূ ও তার পরিবারকে নানারকম হুমকী দিচ্ছে।

মামলা থেকে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের চার্জার ব্যাটারি চালিত অটো চালক শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে প্রতিদিনের মতো অটোরিক্সা নিয়ে কাজের জন্য বাইরে যান। ওই দিন তাঁর স্ত্রী (২৪) রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ৮টার দিকে অভিরামপুর গ্রামের ফারুক মিয়া (৩৫) নামে এক যুবক ওই গৃহবধূর ঘরের দরজার খিল ভেঙে ভেতরে ঢোকেন। পরে গৃহবধূর মুখ চেপে ধরে বিছানায় শুইয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। পরে গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এদিকে, ধর্ষণ মামলা দায়ের করার পর ধর্ষক ওই গৃহবধূ ও তার পরিবারকে নানারকম হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী বলেন, ‘ধর্ষক যুবক ফারুক মিয়া সম্পর্কে প্রতিবেশি ভাগ্নে হয়। এ সুযোগে আমার বাড়িতে সবসময় যাওয়া-আসা করতেন। কিন্তু, ভেতরে ভেতরে আমার স্ত্রীর ক্ষতি করবে- এটা ধারনা ছিলনা। মামলা দায়ের করার পর ধর্ষক পক্ষ নানারকম হুমকি ধামকি দিচ্ছে।’ অভিযুক্ত ধর্ষক পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামী পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, তাকে গ্রেপ্তারে জোরালো অভিযান চালানো হচ্ছে।’ আসামীদের পক্ষ থেকে বাদিকে হুমকী দেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply