
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গরুসহ ২টি ঘর পুড়ে গেছে। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে খোড়াগাছ ইউনিয়নের রুপসী উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, খোড়াগাছ ইউনিয়নের রুপসী উত্তরপাড়া গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে রওশন মিয়ার (সেনা সদস্য) গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।
মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের রান্না ঘরে। খবরপেয়ে শঠিবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় আশ-পাশের বেশ কয়েকটি ঘর।
এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গোয়াল ঘরে থাকা ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে পুড়ে ভস্মিভূত হয় দুটি ঘর।
গোয়াল ঘরে ধোয়া দিয়ে মশা তাড়ানো শুকনো গোবর থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন প্রতিবেশীরা। এ ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
শঠিবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অধিনায়ক কাজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।