
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর’র উপ-পরিচালক মোঃ ওবায়দুর রহমান মণ্ডল ও কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, রংপুর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান প্রমুখ।
এসময় ব্যবসায়ী ও চাষিরা বলেন, রংপুরে হাড়ি ভাঙ্গার বিশাল আমের বাজার তৈরি হলেও কোনো ধরনের আম বিক্রির শেড নেই। সে কারণে কাদামাটি মারিয়ে আম বিক্রি করে ব্যবসায়ী ও চাষিরা। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
মতবিনিময় সভায় চাষী ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, রাস্তাঘাটের করুন অবস্থা। বিশেষ করে কদমতলী থেকে নাগেরহাট পর্যন্ত সড়ক চলাচল উপযোগী করতে হবে। একই সাথে আমের বাজার নিশ্চিত করতে পদাগঞ্জ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা স্থাপন, পদাগঞ্জ হাটে পাবলিক টয়লেট, বাহিরের ব্যবসায়ীদের জন্য আবাসন ব্যবস্থা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে আম পরিবহনের জন্য ম্যাংগো ট্রেনের মত রংপুর থেকে বিআরটিসি সার্ভিসের মাধ্যমে ম্যাঙ্গো বার সার্ভিস চালুর দাবি জানান বক্তারা।
এসব দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক আসিব আহসান ব্যবসায়ী ও চাষিদের জানান, এবার রংপুর মহানগরীর লালবাগ এলাকায় আগামী ১৯ জুন সরাসরি কৃষকের আম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ওইদিনই সদয় অ্যাপস নামে একটি হাড়িভাঙ্গা আম বিক্রি অ্যাপস চালু করার কথাও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে বাজারে আসবে ঐতিহ্যবাহী সুস্বাদু পরিপক্ব হাড়িভাঙ্গা আম। এ বছর প্রায় আড়াই হাজার হেক্টর বাগানে হাড়ি ভাঙ্গার আবাদ হয়েছে।
এম২৪নিউজ/আখতার
