
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে পথরোধ করে ছিনতাই ও চুরির মামলা দায়ের করেছে ওই ইউনিয়নেরই বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ ঘটনাটি টক অব দ্যা এলাকায় পরিণত হয়েছে।
মামলার এজাহারে খোড়াগাছ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান উল্লেখ করেন- সাবেক চেয়ারম্যান নুর আলম তার সঙ্গীসহ বর্তমান চেয়ারম্যানের পথরোধ করে টাকা ও চেক ছিনতাই করেছেন।
আসামীরা হলেন- সাবেক চেয়ারম্যান নুর আলম (৪০), খোড়াগাছ পূর্বপাড়া গ্রামের মৃত. তোজাম্মেল হোসেনের ছেলে গোলাম আজম (৪০) ও সিট জারুল্লাহপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও গ্রাম পুলিশ লাভলু মিয়া (২৬)।
এজাহার সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেক চেয়ারম্যান নুর আলম ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। নির্বাচনে নুর আলম হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন থেকে বর্তমান চেয়ারম্যানকে নানাভাবে হুমকি প্রদান করছেন। সম্প্রতি, নুর আলম তার সঙ্গীরা বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামানকে পথরোধ করে মারপিট করেন। তারা নগদ টাকা ও পরিষদের কাজে ব্যবহৃত ব্যাগ ছিনতাই করেন। এ ঘটনায় গত ২২ জুলাই আসাদুজ্জামান বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনে নুর আলম আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। নির্বাচনে হেরে গিয়ে তিনি আমাকে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন নুর আলম, গোলাম আজম ও লাভলু মিয়া আমার পথরোধ করে হামলা চালায়। এসময় তারা নগদ টাকা ও চেকবইসহ ব্যাগ ছিনিয়ে নেয়।’
এ ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলম বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। মামলার বিবরণও মিথ্যা।’
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান নুুর আলমের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান একটি মামলা দায়ের করেছেন।
এম২৪নিউজ/আখতার