মিঠাপুকুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গৃহবধূকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বটেরচরা শ‍্যামপুর এলাকায় জমিজমা সংক্রান্তের জের ধরে ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে ওই গৃহবধুর স্বামী  সাবেক ইউপি সদস্য গোলজার হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে নিজ ঘরের মেঝে থেকে গৃহবধু ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সাতজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ১৩ শতক জমি নিয়ে ভাতিজা আবদুল মজিদ ও বাতেন মিয়ার সঙ্গে গোলজার হোসেনের বিরোধ চলছিল দীর্ঘদিন থেকে। গত বুধবার দুপুরে জমির দখল নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা দিয়ে গোলজার ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন ফাতেমা বেগম।

স্বজনদের দাবি, বাড়িতে কেউ না থাকায় গোলজার হোসেন তার স্ত্রী ফাতেমা বেগমকে কৌশলে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেন এবং গোলজার হোসেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সকালে তাদের বেয়াই মিন্টু মিয়া তাদের বাড়িতে গিয়ে দেখেন তার বেয়াইন ফাতেমা বেগমের রক্তাত্ত মরদেহ পড়ে আছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শাহ্ মো. বাহলুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত, লাশের সুরতহাল রিপোর্ট এবং বিভিন্ন তথ্য প্রমানের উপর ভিত্তি করে গোলজার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply