
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব একেএম হানিফ আর নেই।
বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোররাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার শুকুরেরহাট ডিগ্রী কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ সহস্রাধীক মুসল্লী অংশ নেন। পরে, চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
একেএম হানিফ মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ জীবনে স্কুল, কলেজ, মজসিদ, ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কাজ করেছেন।