মিঠাপুকুরে অটোরিক্সা ছিনতাইকালে আটক ৩

মো: শামীম আখতার:

মিঠাপুকুরে চালককে মারপিট করে অটোরিক্সা ছিনতাইয়ের সময় পুলিশের সোর্সসহ তিন ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়।

বুধবার দিবাগত রাতে চেংমারী ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের আকবর আলীর ছেলে জিল্লুর রহমান ওরফে জিরা, দুর্গাপুর গ্রামের গোপাল চন্দ্র মহন্তের ছিলে শয়ন চন্দ্র মহন্ত ও চাঁদনি চাঁদপুর গ্রামের গোলাম রাব্বানির ছেলে শিমুল মিয়া। আটককৃতদের মধ্যে শিমুল মিয়া পুলিশের সোর্স হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে বাড়িতে ফেরার সময় শঠিবাড়ি-ছ’মিল সড়কের ফকিরহাট এলাকায় চারজন ছিনতাইকারী পথরোধ করে চালককে বেধড়ক মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে ছিনতাইকারীর তিন সদস্যকে আটক করে। এসময় আরও একজন ছিনতাইকারীর সদস্য পালিয়ে যায়। পরে তাদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের মধ্যে শিমুল নামে  ছিনতাইকারীর সদস্য পুলিশের সোর্স হিসেবে কাজ করেন বলে জানান স্থানীয়রা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ডিউটি অফিসার এসআই মাহবুব আলম বলেন, ‘শিমুল মিয়া পুলিশের সোর্স হিসেবে কাজ করেছিল কিনা তা আমার জানা নেই।’

এম২৪নিউজ/আখতার