
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের কোমরপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে সোমবার রাতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে তার বাড়ির দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট ১১টি ঘর পুড়ে যায়। এতে প্রতিষ্ঠানে মালামাল, নগদ টাকা, ঘরের আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, খাবার চাল, ডাল, ঘরে তোলা ফসল সরিষাসহ সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রতিবেশি ফজলুল কবীর বলেন, ‘রোববার রাত ২টার দিকে চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। যে যার সাধ্যমত পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ্য ইদ্রিস আলী বলেন, ‘অনেক কষ্ট করে রোজগারের টাকায় বাড়িঘর করেছি। দোকাট-পাট, জমাজমি কিনে সংসার শুরু করলাম। কিন্তু, এক ভয়াবহ আগুনে সব ওলট-পালট করে দিলো। আমার সব কিছু শেষ। এখন কোথায় যাই।’ আগুনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা ছিলো অনেক বেশি। অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছি।’
এম২৪নিউজ/আখতার