
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ছিনতাই হওয়া আরও ৩০ বস্তা চিনি উপজেলার বালুয়ামাসিমপুর ইউননিয়নের বালুয়া বন্দরে একটি গুদামঘর হতে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নুর আমিন নামে এক ব্যবসায়ির গুদামঘর হতে চিনিগুলো জব্দ করা হয়েছে।
ব্যবসায়ি নুর আমিন বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম চৌধুরীর খালাত ভাই বলে জানায় স্থানীয়রা। এ বিষয়টি জানতে সেলিম চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, চাল উদ্ধারের ঘটনা আমি জানিনা। নুর আমিনের সাথে আমার কোন সম্পর্ক নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম চৌধুরীর খালাত ভাই নুর আমিন। চিনিগুলো তিনি কোন ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করেননি, একটি চক্রের মাধ্যমে এসেছে। সেই চক্রের সাথে ব্যবসায়ী নুর আমিন জড়িত না থাকলে ছিনতাই হওয়া চিনিগুলো বালুয়া বন্দরে আসলো কিভাবে জানতে চাই। ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার জাকারিয়া ট্রেডার্সের ৩শ ২০ বস্তা চিনি মিঠাপুকুরে ছিনতাই হয়। পরে মিঠাপুকুর বাজারের এক শ্রমিক লীগ নেতার গুদামঘর হতে ১শ ৭৯ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট চিনিগুলো নিয়ে অনুসন্ধান শুরু হলে বালুয়া বন্দর হতে ৩০ বস্তা ছিনতাই হওয়া চিনি বস্তা উদ্ধার করা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক বলেন, ছিনতাই হওয়ার ৩০ বস্তা চিনি নুর আমিনের গুদামঘর হতে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়টি উর্দ্ধত্বন কর্তৃপক্ষ সিধান্ত নিচ্ছেন।