প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে মিঠাপুকুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানের সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। ভিনদেশি এই বরকে একনজর দেখতে ওই তরুণীর বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই বিয়ের ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। পরিবারের সদস্যদের সাথে পরিচয়, পারিবারিক সম্মতি ও স্থানীয়দের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভিনদেশি এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুরে ছুটে আসেন এই যুবক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply