
মো: শামীম আখতার:
করোনা দুর্যোগ মোকাবেলায় মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা ও হাচিয়া নয়াপাড়ার কর্মহীন হতদরিদ্র ৪৩টি পরিবারসহ ইউনিয়নের ৮শ’ কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ওই দুই গ্রামে ভ্যানে করে খদ্যসামগ্রী নিয়ে কমর্হীন অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর (শ্রীপুর) গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান জুয়েল।
তিনি বলেন, ইতিমধ্যে অত্র ইউনিয়নের কর্মহীন ৮শ’ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) দুটি গ্রামে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি এলাকায় অসহায় মানুষকে এসব খাদ্যসামগ্রী বিররণ করা হবে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রকোপে কোনঠাসা হয়ে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষেরা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি এলাকার সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এম২৪নিউজ/আখতার।

