
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বালুয়া মাসিমপুর ইউনিয়নে অবৈধ তিনটি বালুর পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুইটি পয়েন্টে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অপর একটি পয়েন্টে বালু উত্তোলনের বিভিন্ন সারঞ্জমাদি ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দিকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের মাসিমপুর চর (আটপুনিয়া), বালুয়া রঘুনাথপুর (বালুয়া বন্দরের দক্ষিণে), বালুয়া-বড়বালা ব্রিজের উত্তরপূর্ব কোণে, হেলেঞ্চা এলাকায় (শাল্টিরহাটে পশ্চিমে) ও নাগেরহাটের আগে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণে নদীর পাড়ে দির্ঘদিন ধরে অবৈধ বালুর পয়েন্ট চালু করে বালু উত্তোলন করছেন একটি প্রভাবশালী চক্র।
দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে মাসিমপুর চর (আটপুনিয়া) পয়েন্টে ৪ লাখ ও বালুয়া-বড়বালা ব্রিজের উত্তর পূর্বকোণ পয়েন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রঘুনাথপুর পয়েন্টের অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। সেখানকার বালু উত্তোলনের বিভিন্ন সারঞ্জমাদি ধ্বংস করে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকি বলেন, অবৈধ বালুর পয়েন্ট বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। তারপরও কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার