
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ছাগল চুরি করার সময় জনতার হাতে আটক দুই চোরকে টাকার বিনিময়ে রাতের আধারে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি শাজাহান মিয়ার বিরুদ্ধে। গত শুক্রবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র মিঠুল মিয়ার একটি ছাগল বাড়ির পাশ্ববর্তী রাস্তার ধারে ঘাঁস খাচ্ছিল। এসময় চেংমারী গ্রামের বকুল মিয়ার পুত্র আরিফুর রহমান (২৪) ও একই গ্রামের তৈয়ব আলীর পুত্র রাশেদ মিয়া (২২) ছাগলটি চুরি করে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়।
এদিকে, বালুয়া মাসিমপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আটক চোরদেরকে ৪০ হাজার টাকার বিনিময়ে রাতের আধারে ছেড়ে দিয়ে তার লোকজন সহ টাকা ভাগা-ভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, এলাকায় চুরির প্রবনতা বাড়ছে। তাই ধৃত চোরদের বিচার করে জরিমানা করা হয়েছে। চুরির ঘটনায় বিচারে যারা খাটা-খাটি করেছে জরিমানার টাকা তারা ভাগ করে নিয়েছে। চোরকে শাস্তি দিতেই মুলত. জরিমানা করা হয়।
বালুয়া মাসিমপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই এরশাদুল হক বলেন, ঘটনার বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। তবে লোক মুখে ঘটনার কথা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এম২৪নিউজ/আখতার