
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ-এর ৫ বস্তা চাল পাচারের সময় আটক করে স্থানীয় জনতা। বুধবার রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর আকন্দটারী গ্রামে ভিজিএফের ৫বস্তা (৩৭৫ কেজি) চাল রিক্সাযোগে পাচারের সময় আটকে দেয় এলাকাবাসী। চালগুলি স্থানীয় মরাহাটি বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামবাসীর সন্দেহ হওয়ায় চালগুলি আটক করে প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলি হেফাজতে নিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া ও গ্রাম পুলিশ সাদেক আলীর জিম্মায় রাখেন।
রিক্সাচালক জলিল মিয়া জানান, উদ্ধারকৃত চালগুলি সাজু নামে এক ব্যবসায়ীর।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার।