
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ভেতর থেকে শক্তি রায় (১৬) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বালুয়া মাসিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত শক্তি রায় বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার অ্যালেন চন্দ্রের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় কর্মরত ছিলেন শক্তি রায়ের ভগ্নিপতি পরিমল চন্দ্র। তার মৃত্যুর পর ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ পান পরিমলের স্ত্রী কলাবতী রানী। গত কয়েকদিন ধরে কলাবতী রাণী অসুস্থ হয়ে পড়েন। কাজ করতে পাঠান ছোট ভাই শক্তি রায়কে। এরমধ্যে গত বুধবার নৈশ প্রহরী আব্দুল জলিল ছুটি নেন। এক রাতে পাহারার জন্য দায়িত্ব দেওয়া হয় শক্তি রায়কে। দিনের বেলায় কাজ করে রাতে ব্যাংকের ভেতরে ঘুমিয়ে পড়েন শক্তি রায়।
বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে দরজা-জানালা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। খবর দিলে ব্যাংকের ব্যবস্থাপক মাহনুর রহমান এসে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন শক্তি রায় মৃত্যু অবস্থায় বিছানার পাশে পড়ে আছে। থানায় খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আরো পড়ুন: ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালাব: প্রধানমন্ত্রী
শাখা ব্যবস্থাপক মাহনুর রহমান জানান, ‘কয়েকদিনের জন্য বোনের দায়িত্ব পালন করছিল শক্তি রায়। বুধবার নৈশ প্রহরী ছুটি নেওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শক্তি রায়ের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ব্যাংকের কোন কাগজপত্র খোয়া যায়নি বলে জানান তিনি।’
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, ‘একতলা ভবনে ব্যাংকের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ ছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার