মিঠাপুকুরে স্কুল মাঠে বিকট শব্দে টিয়ারশেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। চারিদিকে ধোঁয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আকস্মিক এ ঘটনায় বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে পড়েন। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিঠাপুকুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও হাট কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এটি একটি টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা।

স্থানীয়রা জানান, এমন বিকট শব্দে বিস্ফোরণ সাধারণ ঘটনা নয়। ছড়ান বাজারের মতো একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় এমন একটি শক্তিশালী বস্তুর বিস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এর পেছনে কোনো চক্রের বড় ধরনের উদ্দেশ্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলে তাদের আশঙ্কা। তারা মনে করেন, এই ঘটনার পিছনের আসল রহস্য উদঘাটন করা জরুরি।

কয়েকজন ব্যবসায়ী জানান, এলাকায় এখনো এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। কেন, কীভাবে এবং কোথা থেকে এই ধরনের বিস্ফোরক এলো তা খতিয়ে দেখা প্রয়োজন। দ্রুত এই রহস্যের জট খুলবে এবং ঘটনার নেপথ্যের কারণ উন্মোচিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয় বাসিন্দা পলাশ মিয়া বলেন, স্কুল মাঠে হঠাৎ বিকট শব্দ হয়। মূহুর্তেই চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্ক চড়িয়ে পড়ে স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে।

ছড়ান বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বিস্ফোরণের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। সবাই তখন চারদিক ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায় এটি টিয়ারশেলের বিস্ফোরণ।

মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ছড়ান এলাকায় টিয়ারশেল জাতীয় একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply