
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি মোসলেম উদ্দিন। গতকাল সোমবার সন্ধায় বড়বালা ইউনিয়নের তরফবাহাদী গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদী গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৫২) দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার এসআই মনিবুর রহমান ওই মাদক কারবারীর বাড়িতে অভিযান চালিয়ে তার উত্তর দুয়ারী ঘরের বারান্দায় বিশেষ কৌশলে রাখা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোসলেম উদ্দিন পালিয়ে যায়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার