মিঠাপুকুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক-২

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে পারিবারিক কলহের জের ধরে আজগার আলী (৫২) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাণীপুকুর ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন-ভক্তিপুর গ্রামের মৃত ছালেক হোসেনের ছেলে গোলাম মোস্তফা ও মোকছেদ আলী। এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হরনারায়নপুর শোলাগাড়ী গ্রামের আলেফ উদ্দিনের ছেলে আজগার আলী সম্প্রতি পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে স্থানীয় শিমুলতলী বাজারে মুদির দোকান দেন। পরে দোকানটিও বিক্রি করেন। বর্তমানে তিনি বেকার জীবন-যাপন করছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার বিরোধ শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে বেধড়ক মারধরের পর গলায় গামচা পেঁচিয়ে আজগারকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার লাশ ফেলে রাখে পরিবারের স্বজনরা। পরদিন সোমবার সকালে আশপাশের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরো পড়ুন: মিঠাপুকুরে ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল উদ্ধার, গুদামে সিলগালা

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ২ শ্যালককে আটক করেছে। তারা পার্শ্ববর্তী ভক্তিপুর গ্রামের মৃত. ছালেক হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই আজগারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে।