মিঠাপুকুরে গাছের সঙ্গে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় ২ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে গাছের সঙ্গে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় নির্যাতিতার জা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার আছিয়া বেগম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- নারীকে নির্যাতনের নির্দেশদাতা মোস্তফা ও দেবর সেকেন্দার আলীর স্ত্রী রেজিয়া।

জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামের কৃষক মোকছেদ আলীর সাথে তার ভাই সেকেন্দার ও আনছার আলীর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ভাইদের ভয়-ভীতি ও জীবন নাশের হুমকীতে অবরুদ্ধ হয়ে পড়েন মোকছেদ আলী। এ নিয়ে আদালতে মামলা করেন মোকছেদ আলী। মামলার আসামী ভাইদেরকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় মোকছেদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষরা। আদালত থেকে জামিনে বের হয়ে গত ১৩ অক্টোবর সকালে মোকছেদের স্ত্রী আছিয়া বেগমকে বাড়ি থেকে ধরে এনে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট ও নির্যাতন চালান সেকেন্দার, আনছার ও তাদের লোকজন। এসময় স্ত্রীকে বাঁচাতে মোকছেদ এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা চলে যায়। পরে, স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তাদের স্বজনেরা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে সত্যতা পাই। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

M24news/এসএ

One thought on “মিঠাপুকুরে গাছের সঙ্গে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় ২ জন গ্রেফতার

Leave a Reply