
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদে টিসিবির ৩ শতাধিক দরিদ্র অসহায় উপকারভোগীর নাম কর্তন করে স্বচ্ছল প্রভাবশালী নিকট আত্মীয়কে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিলনপুর ইউনিয়নে টিসিবি উপকারভোগী কার্ডধারীর সংখ্যা মোট ১৬২৮ জন। তারা শুরু থেকে টিসিবির বরাদ্দকৃত মালামাল পেয়ে আসছিল। গত জানুয়ারী মাসে টিসিবির কার্ডধারীদের তালিকা অনলাইন ডাটাবেজ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ৩৩০জন দরিদ্র অসহায় কার্ডধারীর নাম পরিবর্তন করে তার নিকট আত্মীয় স্বচ্ছল প্রভাবশালীদের নাম বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে ইউপি সদস্য আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, চেয়ারম্যান কার্ডধারীদের তালিকা অনলাইন ডাটাবেজ করার সময় অবৈধভাবে প্রত্যেকের কাছে ৫০/১০০ টাকা করে নিয়েছেন এবং ৩৩০জন দরিদ্র অসহায় কার্ডধারীর নাম পরিবর্তন করে তার নিকট আত্মীয় স্বচ্ছল প্রভাবশালীদের নাম বসিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তদারকী কর্মকর্তা ছাড়াই বিতরন করা হচ্ছে টিসিবি পন্য। পাশে ইউপি অফিসের সামনে প্রকাশ্যে বিতরনকৃত পন্য কিনছেন দালাল চক্র। সাংবাদিক দেখে ক্রয়কৃত মালামাল ফেলে রেখে আস্তে আস্তে সটকে পড়েন তারা।
ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, টিসিবির উপকারভোগীদের তালিকা অনলাইন ডাটাবেজ করার সময় কিছু ভুলক্রুটি হয়ে থাকতে পারে। যাচাই করে সেগুলো ঠিক করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার