
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে একাধিক মামলার আসামি মাদক সম্রাট রেজোয়ান হাবিব পলাশকে (৪৫) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার শরীরে লুকিয়ে রাখা ৩৭ পিস ইয়াবা উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের পূর্ব গেনারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক রেজোয়ান হাবিব পলাশ উপজেলার ময়েনুপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রফিকুল আলমের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়েনপুর ইউনিয়নের পূর্ব গেনারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ পিস ইয়াবা উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পলাশ এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিলেন।
সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবাসহ রেজোয়ান হাবিব পলাশ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক পলাশের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আরও ৫টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার