
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের আঘাতে আহত পিয়ারী বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
শনিবার উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর পুর্বপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি ওছিয়তনামার জমি নিয়ে ওই এলাকার সিরাজুল ইসলামের সাথে প্রবিবেশী আনোয়ারুল ইসলামের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় একাধিক মামলা মোকদ্দমাও চলছে।
এরই জের ধরে গত শনিবার সিরাজুল ইসলামের বসতভিটার একটি গাছ কাটতে যায় আনোয়ারুল, তার ছেলে সাগর ও স্ত্রী শাহিনুরসহ বেশ কয়েকজন। এতে বাধা দেয় সিরাজুল ও তার স্ত্রী পিয়ারী বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় আনোয়ারুল ও তার লোকজন বাঁশের খুটি দিয়ে পিয়ারী বেগমের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তিনি মারা যান। নিহত পেয়ারী বেগম দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জননী।
নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম বলেন, আমার বতসভিটার গাছ কাটতে এসে যারা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করলো আমি তাদের বিচার চাই।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, খবর পাওয়ার সাথে সোথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে নিহতের স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এস২৪নিউজ/আখতার।