
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে প্রেমিকের সাথে বিয়ে না হওয়ায় অভিমানে এক মাদ্রসাছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার ফুলচৌকি গ্রামে ওই ছাত্রীর নানার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। পুলিশ তার প্রেমিক ও স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী গ্রামের কৃষক মোন্নাফ হোসেনের মেয়ে মোসলেমা আক্তার মোহনা (১৮) স্থানীয় শুকুরেরহাট আলীম মাদ্রাসায় আলীম প্রথম বর্ষের ছাত্রী। পাশের তিলকপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে সাব্বির হোসেন আরমান নামে এক যুবক প্রায় এক বছর আগে মোহনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো। আরমান বিভিন্নস্থানে ওই ছাত্রীকে সাথে নিয়ে ঘুরেও বেড়িয়েছে। বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ মেলামেশা করে আসছে প্রেমিক আরমান। বুধবার রাতে আরমান বিয়ের কথা বলে মোহনাকে তার নানা আবদুর রশিদের বাড়ি ফুলচৌকি গ্রামে ডেকে নিয়ে যায়। কথা ছিল সেখানে তারা বিয়ে রেজিষ্ট্রি করবে।
সন্ধায় নানার বাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয় লোকজন ওই দুই জনকে আটক করে। পরে তারা বিয়ে করবে বলে জানায়। এ সময় ময়েনপুর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য সাজেদুর রহমান তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিয়েতে জটিলতা সৃষ্টি করেন। এক পর্যায়ে ছেলেটি আর বিয়ে করবেনা বলে জানায়। এ খবর জানার পর বৃহস্পতিবার ভোররাতে নানার বাড়িতেই একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে মোহনা আত্মহত্যা করে।
তার ভাই মোসলেম উদ্দিন বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে আরমান দীর্ঘদিন থেকে বিভিন্নস্থানে নিয়ে বেড়িয়েছে। মেলামেশা করেছে। পরে বিয়ে না করায় বোন আত্মহত্যা করেছে। তুহিন মেম্বার ইচ্ছে করলে আমার বোনকে এভাবে মরতে হতোনা। আমি এর বিচার চাই।’ এ ঘটনায় তিনি থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা একটি মামলা করেছেন। তার প্রেমিক ও স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ইউপি সদস্য সাজেদুর রহমান তুহিন বলেন, আমি এই ঘটনা জানার পর সেখানে যাই। তাদের বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাই। জন্ম নিবন্ধন কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র আছে কিনা- সেটা বলি। কিন্তু এসবের কোনটাই ছিলনা। পরে চলে যাই। এরপর সকালে শুনি, মেয়েটি আত্মহত্যা করেছে।’
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, আপাত. দৃষ্টিতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার