মিঠাপুকুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্য, আহত ১

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। (বৃহস্পতিবার ১৮ জুলাই) বিকেলে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের উপজেলার ময়েনপুর ইউনিয়নের তেরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ দাঙ্গিপাড়া গ্রামের নাজমুল হুদা (৬৮) ও তার ছোট ভাই মোশারফ হোসেন (৬০)। এ দুর্ঘটনায় নিহত মোশারফ হোসেনের নাতী মেহেদী হাসান (১৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে হাজিরা দিয়ে বৃহস্পতিবার বিকালে নাতি এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসানকে নিয়ে রংপুর থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন নাজমুল হুদা ও মোশারফ হোসেন।পথিমধ্যে তেরোমাইল এলাকায় পৌঁছলে দিনাজপুরের ফুলবাড়ী থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোশারফ হোসেন।

খবরপেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হুদাকে মৃত ঘোষনা করেন। শিক্ষার্থী মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাণীপুকুর এরশাদমোড় এলাকায় ঘাতক বাসটিকে ড্রাইভার সহ আটক করে স্থানীয়রা।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই একজন মারা যান। পরে, দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নাজমুল হুদা নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এগুলোর জন্য এখন ফোন দিয়েন না ভাই। জানেননা পুলিশ কোন অবস্থায় আছে। দুর্ঘটনায় দুইজন মারা গেছে বলে ফোন কেটে দেন তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply