
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩১ আগষ্ট) বিকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক মোরসালিন রহমান ছোটনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুকুরেরহাট এলাকায় একটি গুড় তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়।টিনের ঘরে তৈরি ওই কারখানা থেকে ভেজাল গুড়, গুড় তৈরির বিভিন্ন ক্ষতিকর উপকরণ, অসংখ্য প্লাস্টিকের ব্যাগ ও বস্তা উদ্ধার করা হয়। পরে ভেজাল গুড় বিনষ্ট করা হয়।
এসময় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২ ধারা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(ক) ধারা অনুযায়ী কারখানার মালিক মোরসালিন রহমান ছোটনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার