
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অবৈধ ৩টি পয়েন্টে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২৩ মে) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে বালু তোলার যন্ত্র স্ক্যাভেটরের ব্যাটারি খুলে বিনষ্ট করে দেন।
জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর ব্যাপ্টিস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাতের আঁধারে স্ক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল রাফা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে গভীরভাবে বালু উত্তোলন শেষ করে, বলদীপুকুর উচ্চ বিদ্যালয়ের পাশে ফসলী জমি হতে বালু উত্তোলন শুরু করে ওই প্রতিষ্ঠানটি। স্থানীয়রা বাধা দিলেও কোন তোয়াক্কা করেনা প্রভাবশালীরা। এছাড়া, মোলং বাজারের পাশে হাবিবপুর গ্রামে আব্দুল হাকিম মিয়ার জমি হতে বালু উত্তোলন শুরু করছিলেন স্থানীয় বলদীপুকুর কোনাপাড়া গ্রামের মশিউর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক প্রথমে বলদীপুকুর ব্যাপ্টিস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান পরিচালনা করেন। সেখানে বালু তোলার যন্ত্র স্ক্যাভেটরের ব্যাটারি খুলে বিনষ্ট করে দেন। এরপর বলদীপুকুর উচ্চ বিদ্যালয়ের পাশে ফসলী জমি হতে বালু উত্তোলন করার স্ক্যাভেটরের ব্যাটারি খুলে বিনষ্ট করা হয়। অন্যদিকে হাবিবপুর গ্রামের বালু তোলার কাজে ব্যবহৃত যন্ত্রের ব্যাটারি খুলে নষ্ট করা হয়েছে। সেই সাথে এই তিন স্থানে বালু তোলার স্ক্যাভেটর ৩টি জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযান চলার সময় বালু উত্তোলনকারী ব্যক্তিরা পালিয়ে যান।
আরো পড়ুন: মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙ্গনের মুখে সরকারী বিদ্যালয়
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘অভিযানে যাওয়ার আগে অপরাধীরা পালিয়ে যায়। তাই কাউকে ধরা সম্ভব হয়নি। তবে, স্ক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যার নাম পাওয়া যাবে, তার বিরুদ্ধে মামলা করা হবে।’
এম২৪নিউজ/আখতার