মিঠাপুকুরে ইয়াবাসহ সংরক্ষিত ইউপি সদস্য জনতা বেগম ও তার শাশুড়ি আটক

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে ১ হাজার পিচ ইয়াবাসহ জনতা বেগম নামে এক ইউপি সদস্য ও তার শাশুড়ি রশিদা বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে রানীপুকুর ইউনিয়নের ছ’মিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রানীপুকুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য জনতা বেগম রামচন্দ্রপুর গ্রামের মৃত সামসুল হকের স্ত্রী। জনপ্রতিনিধির আঁড়ালে এতদিন তিনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন- এ বিষয়টি প্রকাশ হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান নিয়ে অটোযোগে রাণীপুকুরের দিকে যাচ্ছেন ইউপি সদস্য জনতা বেগম। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে ওই আটোরিক্সার পিছু নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর সার্কেলের একটি দল। অটোরিক্সাটি রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের এরশাদমোড় ছ’মিল এলাকায় পৌঁছলে জনতা বেগম ও তার শাশুড়ি রশিদা বেগমকে আটক করে পুলিশ। এসময় মহিলা পুলিশ দিয়ে দেহ তল্লাশি করে জনতা বেগমের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বলেন, বিষয়টি আমি এখন সঠিকভাবে বলতে পারছিনা। তবে কোন অনৈতিক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে দায়ভার তার নিজের।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।