
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের রাণীপুকুর এলাকা থেকে অসুস্থ্য অবস্থায় অটোরিকশা চালক আব্দুর রাজ্জাককে উদ্ধার করে স্থানীয়রা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাণীপুকুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে অসুস্থ্য অবস্থায় তাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পুলিশ। আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের পৌদ্দহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে যাত্রীবেশে দুইজন নারী ও দুইজন পুরুষ ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরার পর পীরগঞ্জের ধাপেরহাটে নিয়ে যায়। সেখানে সন্ধা হলে আটোরিকশা চালক আব্দুর রাজ্জাককে জুস খাইয়ে অচেতন করে। একপর্যায়ে রংপুর-ভেন্ডাবাড়ি সড়কের রাণীপুকুর এলাকায় এসে চালককে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীপুকুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অসুস্থ্য অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মিঠাপুকুর থানা পুলিশ।
রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার