মিঠাপুকুরে জমি বেদখলের উদ্দেশ্যে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে জমি জবর দখলের উদ্দেশ্যে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মহসীন আলীর বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের  এলুয়াচড়া পানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের এলুয়াচড়া পানবাড়ী গ্রামের কৃষক লোকমান আলীর সাথে একই গ্রামের মহসীন আলীগং এর  জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে  লোকমান আলীর জমিতে লাগানো ৩৬টি ইউক্লিপটাস গাছ কেটে দেয় মহসীন আলী গং।

কৃষক লোকমান আলী বলেন, আমরা আট ভাই বোন। ১৯৯১ সালে পৈতৃক সূত্রে আমরা ৬ একর আবাদী জমি পাই। এরমধ্যে ৩ একর জমি প্রতিবেশী মহসীন আলীর কাছে বিক্রি করে দেই। তার পর থেকেই মহসীন আলী গং ৩ একরের জায়গায় পুরো ৬ একর জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করে আসছে। পরবর্তীতে মাফজোখ করে ১৪ শতক জমি ফিরিয়ে দিলেও বাকী অংশটুকু এখনও ভোগদখলে রেখেছে মহসীন আলী গং। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই জমিতে ১৪৪ ধারা জারি করে আদালত।

তিনি আরো বলেন, ১৪৪ ধারা জারি করার পরও তারা জমিতে চাষাবাদ করছে। যে অংশটুকু ফিরে পেয়েছি সেই জমি পূণরায় দখলে নেয়ার উদ্দেশ্য রাতের আঁধারে তারা ওই জমিতে লাগানো ৩৬টি ইউক্লিপটাস গাছ কেটে ফেলেছে।

স্থানীয় বিদ্যুত মিয়া বলেন, সকালে জমিতে কাজ করতে গিয়ে দেখি লোকমান আলীর জমিতে লাগানো গাছগুলো কে বা কারা কেটে দিয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply