
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে একটি আমবাগান থেকে আজিজল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের লাহুদ মিয়ার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আজিজল পার্শ্ববর্তী ময়েনপুর আগারী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের লাহুদ মিয়া নামে এক কৃষক তার জমিতে কাকরলসহ নানা সবজির চাষ করেছেন। একই জমিতে সাথী ফসল হিসেবে শতাধিক হাঁড়িভাঙ্গা আমের গাছ রোপন করেন তিনি। চলতি মৌসুমে গাছগুলোতে হাঁড়িভাঙ্গা আম ধরেছে। পার্শ্ববর্তী খোড়াগাছ ইউনিয়নের মৌসুমি আম ব্যবসায়ী পলাশ ও সাইফুল মিয়ার কাছে বাগানের আমগুলো বিক্রি করেন বাগান মালিক লাহুদ। আম বাগানটি ক্রয় করার পর গত ৩-৪ দিন থেকে আজিজুল ইসলাম সেখানে রাত্রিযাপন করে পাহারা দিচ্ছিলেন।
গত বুধবার রাতে আজিজুল অস্থায়ীভাবে নির্মাণ করা ওই ঝুঁপড়িঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষি শ্রমিকেরা ওই আমবাগানের ঘরে গিয়ে আজিজুল ইসলামকে ডাকাডাকি করেন। কোন সাঁড়া না পেয়ে তারা ধারণা করেন আজিজুল ইসলাম হয়তো মারা গেছেন। পরে স্বজনদের খবর দেওয়া হয়। পরে আজিজুল ইসলামের স্বজনেরা ঘটনাস্থলে পিয়ে তার লাশ উদ্ধার করেন। কি কারণে আজিজুলের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তারা কোন কিছুই ধারণা করতে পারছে না। এ ঘটনায় থানায় আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। স্বজনরা বৃদ্ধের লাশ তার বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, এ ঘটনায় কোন থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার