মিঠাপুকুরে বিএনপির দু-গ্রুপে সংঘর্ষে আহত ৩

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে লতীবপুর ইউনিয়ন বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় ঘন্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়ায় উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড ওভার ব্রিজ সহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পথচারী সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের এক কর্মী সহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

ইউনিয়ন বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি- মিঠাপুকুর২৪নিউজ

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম একটি বিক্ষোভ মিছিল করার জন‍্য ওভার ব্রিজের পূর্ব দিকে অবস্থান নেয়। মিছিলটি ওভার ব্রিজের পশ্চিম দিকে যাওয়ার সময় লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু সহ তার অনুসারীরা অতর্কিত হামলা চালায়। পরে তা উভয়পক্ষে সংঘর্ষে রুপ নেয়। এ সময় সাদেকুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা গুরুত্বর আহত সহ আরো দু’জন আহত হন। পরে মিঠাপুকুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ফজলু জানান, জাহাঙ্গীর আলম, বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন। এখন নিজের খোলস পাল্টিয়ে আবার দলে ভিড়েছেন।

লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পিত ভাবে আমাদের কর্মসূচীতে হামলা চালিয়েছে ফজলু এবং তার লোকজন। সে ইউনিয়ন বিএনপিকে বিভক্ত করতে চাইছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply