
শামীম আখতার ||
৯ মাস আগে চট্টগ্রামের সীতাকুন্ডে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে যোগদান করেন মিঠাপুকুরের ফরিদুজ্জামান ফরিদ। তার আইডি নম্বর ১৪৪১। শনিবার রাতে সীতাকুণ্ডে অগ্নিকান্ড ও বিষ্ফোরনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে প্রথম ইউনিটে কনটেইনার ডিপুতে প্রবেশ করেন ফরিদ। তারপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
স্বজনরা বলছেন, আমরা যতটুকু খোঁজ নিছি, তাতে ফরিদ আর বেঁচে নাই।’ আসছে পবিত্র ঈদুল আযহার পরের দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল ফরিদের। ফরিদুজ্জামানের খোঁজে তাঁর বাবা-মা সীতাকুণ্ডে গিয়ে ডিএনএ পরিক্ষার জন্য নমুনা দিয়ে সোমবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
ফরিদুজ্জামান ফরিদ মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আদারহাট দক্ষিণ সরকারপাড়া গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের একমাত্র ছেলে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র নয় মাস আগে বিয়ে করেন ফরিদুজ্জামান ফরিদ (২২) । স্ত্রীকে বাড়িতে বাবা-মায়ের কাছে রেখে যোগ দেন সীতাকুণ্ডের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পেয়ে সহকর্মীদের সাথে সেখানে তিনি দায়িত্ব পালন করতে যান। ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে প্রথম ইউনিটে কনটেইনার ডিপুতে প্রবেশ করেন ফরিদ। দুর্ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও তাঁর খোঁজ মেলেনি।
ফরিদুজ্জামানের খোঁজে তাঁর বাবা সাইফুল ইসলাম ও মা ফুলমতি সীতাকুণ্ডে গিয়ে ডিএনএ পরিক্ষার জন্য নমুনা দিয়ে সোমবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানাগেছে।
এদিকে, স্বামীর শোকে স্তব্ধ হয়ে গেছেন ফরিদুজ্জামানের স্ত্রী ইসামণি। কারও সঙ্গে কথা বলছেন না। কিছুক্ষণ পরপর মুর্ছা যাচ্ছেন তিনি।
ফরিদুজ্জামানের চাচা তোতা মিয়া জানান, ২২ মাস আগে ফরিদুজ্জামান বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে যোগ দেন। প্রথমে খুলনায় ট্রেনিং নেন। এরপর সীতাকুন্ডে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে বদলি হন। স্ত্রীকে বাড়িতে রেখে কর্মস্থলে ছিলেন ফরিদ।
তিনি কান্নার সুরে বলেন, ‘গত বছরের ৩ আগস্ট বিয়ে করেছে আমার ভাতিজা (ফরিদ)। এক মাস আগে বাড়িতে আসছিল। কোরবানির ঈদে এসে বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল। আমাকে বলছিল, চাচা দোয়া করেন একবারে ঈদোত আসব। আমরা যতটুকু খোঁজ নিছি, তাতে ফরিদ আর বেঁচে নাই।’
ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের ডিপো থেকে খবর পেয়েছি ফায়ারম্যান ফরিদুজ্জামানের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে, সার্বক্ষণিক যোগাযোগ চলছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ফরিদুজ্জামানের খোঁজে সীতাকুণ্ডের কন্ট্রোলরুমে যোগাযোগ অব্যাহত আছে।
এম২৪নিউজ/আখতার