
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামে জমি দখলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বজনদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক রেলওয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে।
ওই পুলিশ সদস্যের নাম সোহরাব হোসেন। তিনি লালমনিরহাট রেলওয়ে পুলিশ স্টেশনে কর্মরত আছেন।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে সোহরাব হোসেনের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে তার ফুপাতো ভাই-ভাবী, ভাগিনা সহ পরিবারের ১৮ জন সদস্যের বিরুদ্ধে ৩ টি মামলা দায়েরের সত্যতা পাওয়া যায়।
রেলওয়ে পুলিশ হাবিলদার সোহরাবের দাদা মৃত. কিশমত উল্ল্যা আকন্দ রেখে যাওয়া একাংশের ১০ শতক জমি উত্তরাধিকার সূত্রে তার ফুফু শহিদা বেগম মালিক হন। কিন্তু সোহরাব ও তার ভাই শহিদুল ইসলাম বাকি উত্তরাধিকারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছেন।
এ ব্যাপারে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহীম মন্ডল বলেন, অভিযুক্ত সোহরাব আমার মামাতো ভাই। আমার অন্য দুই খালাকে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিলেও আমার মায়ের জমি জোরপূর্বক দখল করে রেখেছে।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, পৈতৃক সূত্রে ১০ শতক জমি শহিদা বেগম পেলেও অভিযুক্ত সোহরাব দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছে।
দীর্ঘদিনের মিটিং সালিশে উপস্থিত থাকা স্থানীয় শাহ আলম বলেন, রেলওয়ে পুলিশের ক্ষমতাকে ব্যবহার করে আমাদের মেম্বার সহ তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন সোহরাব।
অভিযুক্ত রেলওয়ে পুলিশের সদস্য সোহরাব হোসেন তার বলেন, আমার ফুফুর অংশ অন্য দাগে ছেড়ে দেওয়া আছে, সেখানে ওসমান নামের এক ব্যাক্তি বাড়ি করে আছে।
এম২৪নিউজ/আখতার