মিঠাপুকুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৫০৩ পিস ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল।

রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি মোঃ সাজ্জাদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ আশাদুজ্জামান আশাদ (৩২)।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply