
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জায়গীর-বালারহাট সড়কের জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক কাফ্রিখাল ইউনিয়নের কিশামতকালে গ্রামের বাসিন্দা। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ি হতে বাইসাইকেল যোগে জায়গীর হাটে যাচ্ছিলেন কৃষক আব্দুল খালেক। স্থানীয় জুট মিলের সামনে পৌঁছলে একটি বালু ভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে, তিনি চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘাতক ট্রাক্টরটি থানায় আটক রয়েছে। ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।