
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আফরিন নাহার (১৪) নামে এক নাবালিকা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার পর স্বামীর বাড়িতে তীরের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
স্থানীয়রা জানান, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর পশ্চিম পাড়া গ্রামের মুরাদ হাসানের সঙ্গে কয়েকমাস পূর্বে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে বিবাহ হয় পাশ্ববর্তী মুরারিপুর গ্রামের আমিনুল ইসলামের নাবালিকা কন্যা আফরিন নাহারের। বিয়ের পর নাবালক/নাবালিকা এই দম্পত্তির সংসারে পারিবারিক কলহ বেড়েই চলছিলো।
রবিবার সন্ধ্যার দিকে মুরাদের বাড়ির লোকজন হঠাৎ চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে দেখেন, ওই গৃহবধূ নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দিলে রাতেই মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে আসা হয়।
আফরিনের পিতা আমিনুল ইসলাম জানান, আমি এই মূহুর্তে কিছু বলতে পারবোনা। আমি আগে নিশ্চিত হই কিভাবে আমার মেয়ে মারা গেলো। তারপর সিদ্ধান্ত নেবো।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার