মিঠাপুকুরে নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল  ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কাফ্রিখাল ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মাঠের বাজার এলাকায় এঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারী উপজেলার কাফ্রিখালসহ ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাফ্রিখাল ইউনিয়নের মাঠের বাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সরকার রাজা’র সমর্থকরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা নৌকার প্রতীকী টাঙায়।

সোমবার গভীর রাতে কে বা কারা ওই নৌকার প্রতীকে আগুন ধরিয়ে দেন। বিষয়টি মঙ্গলবার সকালে জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও নৌকা প্রার্থীর সমর্থকরা জড়ো হন। পরে তারা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে জড়িতের আইনের আওতায় আনার দাবি জানান। তবে, ইউনিয়নটির নির্বাচনে অংশ নেয়া মোটর সাইকেল প্রতীকের প্রার্থীসহ অন্য প্রার্থীরা বলেন, নৌকা প্রতীকে আগুন দেয়ার ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা।

মিঠাপুকুর থানা পুলিশ ও মিঠাপুকুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সরকার রাজা বলেন, নৌকা প্রতীকে আগুন দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা  বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply