
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাক শাখা অফিস থেকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ৫টি দোকানে।
খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পিএম ক্লোথ ষ্টোর, সীমা ষ্টেশনারী এন্ড ফটোকপি, শিহাব ফার্নিচার, মা টেইলার্স ও ট্রাক, ট্যাংক লরির শাখা অফিস পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এতে নগদ টাকা ও দোকানের মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। ক্ষতিগ্রস্থরা হলেন, মোন্নাফ হোসেন, খোকা বাবু, শাহিন মন্ডল, গোলাপ হোসেন।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া বলেন, রাত ২টার দিকে ট্রাক ও ট্যাংক লরির শাখা অফিসে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে। রাত ১টা পর্যন্ত ওই অফিসে লোকজন অবস্থান করছিল। তারা চলে যাওয়ার পরপরই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
